ঢাকাMonday , 6 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরের শ্রীপুরে বিভিন্ন ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনিয়মের অভিযোগে জরিমানা

Mahamudul Hasan Babu
July 6, 2026 6:51 am
Link Copied!

মোঃ নাজিম উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির চেষ্টা, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা এবং নিবন্ধিত চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ বিক্রির অভিযোগে বিভিন্ন ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।
ঔষধ, ও কসমেটিকস আইন, ২০২৩-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে সাতটি ফার্মেসিকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।
রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার শ্রীপুর বাজারসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির। অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শ্রীপুর রেলগেইট সংলগ্ন তারেক মেডিকেল হল, নূর ফার্মেসি, প্রত্যাশা মেডিকেল হল, শ্রীপুর ডিবি রোড এলাকার জনসেবা ঔষধালয় এবং উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার জয়নাল মেডিকেল হলসহ মোট সাতটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানগুলোকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযোগপত্র অনুযায়ী, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির চেষ্টা, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা এবং নিবন্ধিত চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ বিক্রির মতো অপরাধের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধ ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর বিভিন্ন ধারার আওতাভুক্ত।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির বলেন, “সকাল দশটা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বাস্থ্যের সুরক্ষা এবং ওষুধ বিক্রিতে শৃঙ্খলা নিশ্চিত করতে সাতটি প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”অভিযানে উপস্থিত ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনস্বার্থে ও নিরাপদ ওষুধ সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও আইন প্রয়োগ কার্যক্রম চলমান থাকবে।