এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরলে একই খামারে নানামুখী আয়ের পথ সৃষ্টি করে এলাকায় সাড়া ফেলেছেন সফল উদ্যোক্তা যুবক তানজিমুল ইসলাম। কঠোর পরিশ্রম, নিষ্ঠা আর সৃষ্টিশীল মানসিকতা মানুষকে যে সাফল্যের দ্বারপ্রান্তে পৌছে দিতে পারে, তারই স্বাক্ষর রেখেছে গ্রামের এই যুবক। লেখাপড়া করে নিজে সরকারী চাকুরী না পেলেও তিনি সৃষ্টি করেছেন বহু মানুষের কর্মসংস্থান।
দিনাজপুরের বিরল উপজেলার রামপুর গ্রামের তানজিমুল ইসলাম। অন্যান্য জনের মত তারও ইচ্ছা ছিলো লেখাপড়া শিখে সরকারী ভালো একটি চাকুরী করার। কিন্তু লেখাপড়া শেষ করলেও ভাগ্যে জোটেনি সরকারী চাকুরী। শেষ পর্যন্ত আত্মপ্রত্যয়ী হন নিজে কিছু করার। ফলে বাড়ীর পাশে গড়ে তোলেন দুগ্ধ খামার। সেই খামার করেই বসে থাকেন নি তিনি। খামারে পালিত গরুর গোবর দিয়ে জৈব সার, ও কেঁচো আর বর্জ্য পদার্থ দিয়ে ভার্মি কম্পোস্ট সার তৈরি করছেন তিনি। কৃষি জমির উর্বরতা ও ফসলের উৎপাদন বাড়াতে এই সারের এলাকায় ব্যাপক চাহিদা রয়েছে।
তানজিমুল ইসলাম জানান, দুগ্ধ খামারের পাশাপাশি এই সার বিক্রি করে অনেক আয় হচ্ছে। এই খামার গড়ে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। আমার খামারে কাজ করে অনেকেই জীবিকার পথ পেয়েছেন । এই সার উৎপাদনে কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক পরামর্শ দিয়ে সহায়তাও করা হচ্ছে বলে জানান তিনি।
