ঢাকাTuesday , 7 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

লামায় টানা ভারী বর্ষণে পাহাড় ধস ও বন্যার শঙ্কা, ঝুঁকিতে আছে হাজারো পরিবার

Mahamudul Hasan Babu
July 7, 2026 2:37 pm
Link Copied!

লামা প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলায় টানা কয়েক দিনের ভারী বর্ষণে পাহাড় ধসের ও পাহাড়ী ঢল(বন্যার) আশঙ্কা তীব্র আকার ধারণ করেছে। পাহাড়ের পাদদেশ ও ঢালে বসবাসকারী প্রায় দুই হাজারেও বেশি পরিবার চরম ঝুঁকিতে রয়েছে। সম্ভাব্য প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে উপজেলা প্রশাসন ৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সতর্কতা জোরদার করেছে।

রবিবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন স্থানে ছোট-বড় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বিশেষ করে লামা উপজেলার টিটিএন্ডডিসি,নুনার ঝিরি এবং চেয়ারম্যান পাড়া এলাকাসহ কয়েকটি স্থানে পাহাড় ধসে খবর পাওয়া গেছে কিন্তু কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পাহাড়ি অঞ্চলের কারণে লামা উপজেলার
সাতটি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৯ টি ওয়ার্ডের অধিকাংশ মানুষ পাহাড়ের চূড়া, ঢাল ও পাদদেশে বসবাস করেন। অতীতের ভয়াবহ পাহাড় ধস ও পাহাড়ি ঢল(বন্যার) অভিজ্ঞতা স্বরণ করে এবারও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। লামা আজিজনগর চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের চারতলা ভবনও পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে বলে জানা গেছে।

সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে রয়েছে লামা পৌরসভার চেয়ারম্যানপাড়া, হাসপাতালপাড়া,বড় নুনারবিল পাড়া,চাম্পাতলী,নয়া পাড়া,ছাগল খাইয়া,সাবেক বিলছড়ি, রাজবাড়ী,কলিঙ্গাবিল, কাটাপাহাড় ও মধুঝিরি। এছাড়া ফাইতং, আজিজনগর, সরই, গজালিয়া ও রূপসীপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় পাহাড়ি ঢালে বসবাসকারী পরিবারগুলো ঝুঁকিতে রয়েছে বলে জানা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন বলেন, ঝুঁকিপূর্ণ এলাকাগুলো আগে থেকেই চিহ্নিত করা হয়েছে।পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে এবং উপজেলা শহরের ৮টি আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত করা হয়েছে, পর্যাপ্ত শুকনো খাবার ও বিশুদ্ধ পানি,ইমারজেন্সি মেডিকেল টিম,প্রস্তুত রাখা হয়েছে।পাশাপাশি ঝুঁকিপূর্ণ স্থানের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে কাজ চলছে মাইকিং করে সচেতন করা হচ্ছে। তিনি জানান, প্রশাসনের নির্দেশনা অমান্য করে ঝুঁকিপূর্ণ পাহাড়ের নিচে অবস্থান করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।