ঠাকুরগাঁও প্রতিনিধি: পরিবেশ রক্ষা ও সবুজায়নের উদ্যোগকে উৎসাহিত করতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা পরিষদের কর্মচারীরা নিজেদের এক দিনের বেতনের অর্থ দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন।
বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে উপজেলা পরিষদের কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
পরিষদের অফিস সহকারী বলেন, বিএনপি সরকার গঠন করার পর থেকে বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেছেন। সরকারের কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আমাদের এমন উদ্যোগ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এক দিনের বেতনের অর্থ দিয়ে এ উদ্যোগ গ্রহণ করেছি।
স্থানীয় সমাজসেবক মাসুদ রানা বলেন, সরকারি কর্মচারীদের এমন স্বেচ্ছাপ্রণোদিত উদ্যোগ সমাজের অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করবে। এটি মহৎ কাজ।
হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর বলেন, কর্মচারীদের এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে। তাদের এই আয়োজনকে সাধুবাদ জানাই। সারাদেশে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও ত্বরান্বিত করবে। দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানও তাদের উদ্যোগ দেখে অনুপ্রাণিত হবেন।
