ঢাকাFriday , 10 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের গাংনী উপজেলার শাশুড়িকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে  এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

Mahamudul Hasan Babu
July 10, 2026 5:03 am
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনী উপজেলার শাশুড়িকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে হাউস আলী (House Ali) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড (আমৃত্যু পর্যন্ত) দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলি মাসুদ শেখ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত হাউস আলী মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের আহমদ আলীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, প্রায় ৭-৮ বছর আগে হাউস আলীর সঙ্গে একই উপজেলার শহড়াবাড়িয়া গ্রামের আবু বক্করের মেয়ে আম্বিয়া খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর হাউস আলী স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন এবং ভরণপোষণ না দেওয়ায় আম্বিয়া খাতুন তাকে তালাক দেন।

তালাকের ঘটনায় ক্ষুব্ধ হয়ে ২০১৬ সালের ৭ মে রাতে হাউস আলী তার সাবেক স্ত্রীর বাড়িতে যান এবং তাকে খুঁজতে থাকেন। সেদিন আম্বিয়া খাতুন নির্বাচনী দায়িত্ব পালনের জন্য গাংনীতে অবস্থান করছিলেন। স্ত্রীকে না পেয়ে হাউস আলী তার শাশুড়ি ফুল সুরাতুন্নেছা (৬৬)-এর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।

ফুল সুরাতুন্নেছার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হাউস আলী পালিয়ে যান। পরে গুরুতর দগ্ধ অবস্থায় তাকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফুল সুরাতুন্নেছা মারা যান।

এ ঘটনায় নিহতের মেয়ে আম্বিয়া খাতুন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩)-এর ৪(১) ধারায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত হাউস আলীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড (আমৃত্যু পর্যন্ত), ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) মুস্তাফিজুর রহমান তুহিন। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট শহিদুল ইসলাম।