ঢাকাFriday , 10 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মধ্যনগরে কৃষক তালিকায় আপত্তি নিউজ করায় সাংবাদিককে যুবদল নেতার হুমকি

Mahamudul Hasan Babu
July 10, 2026 3:27 pm
Link Copied!

এম এম এ রেজা পহেল ধর্মপাশা,মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে অতিবৃষ্টিতে হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রকাশিত তালিকায় আপত্তি জানানোকে কেন্দ্র করে এক স্থানীয় সাংবাদিককে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. শিহাব মিয়া জাতীয় দৈনিক ‘এদিন’-এর মধ্যনগর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ জুন মধ্যনগর উপজেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে ক্ষতিগ্রস্ত ১ হাজার ৮৯০ জন কৃষকের একটি সরকারি তালিকা প্রকাশ করা হয়। তালিকাটি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয় সচেতন মহলে বেশ কিছু নাম নিয়ে তীব্র সমালোচনা ও আপত্তির ঝড় ওঠে।
পরবর্তীতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রকৃত কৃষক, সাধারণ মানুষ এবং সাংবাদিক মো. শিহাব মিয়া নিজ নিজ ওয়ার্ডের তালিকায় অন্তর্ভুক্ত কিছু অকৃষক, সচ্ছল ব্যক্তি ও একই পরিবারের একাধিক সদস্যের নাম উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আপত্তি জানান। এসব আবেদনের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন বিতর্কিত ও আপত্তিকৃত নামগুলো সাময়িকভাবে চিহ্নিত করে স্থগিত রাখে এবং অবশিষ্ট নামের বিপরীতে সরকারি সহায়তা বিতরণ কার্যক্রম শুরু করে। একই সাথে আপত্তিকৃত নামগুলো পুনরায় মাঠপর্যায়ে যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
অভিযোগ করে সাংবাদিক শিহাব মিয়া জানান, তিনি তার নিজ ওয়ার্ডের আপত্তিকৃত নামগুলোর মধ্যে ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সাদ্দাম মিয়া ও তার পরিবারের একাধিক সদস্যের নাম অন্তর্ভুক্ত থাকার বিষয়টি লিখিত আপত্তিতে তুলে ধরেন। এতে ক্ষিপ্ত হয়ে সাদ্দাম মিয়া তার ব্যক্তিগত মোবাইল ফোন থেকে সাংবাদিক শিহাবকে কল করে হুমকি দেন।
কল রেকর্ডের বরাত দিয়ে শিহাব মিয়া জানান, সাদ্দাম মিয়া ফোনে তাকে বলেন, তোমার যদি এই গ্রামে থাকা লাগে, তবে এটা শেষ করা লাগবে। না হয় তোমার ঝামেলা হবে। যুবদল নেতা হুমকি দিয়ে আরো বলেন, গ্রামে থাকতে গেলে আমার সামনে পড়া লাগব। সামনে পড়লে পরে বুঝিস। প্রকাশ্যে ও পরোক্ষ ভাবে তাকে ‘দেখে নেওয়া হবে’ বলে হুমকি দেওয়ায় বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত যুবদল নেতা সাদ্দাম মিয়া হুমকির বিষয়টি স্বীকার করে বলেন,আমি এলাকার মানুষের পক্ষ থেকে তাকে ফোন করেছিলাম। কথোপকথনের সময় আবেগের বশে কিছু কথা বলে ফেলেছি। তাকে হুমকি দেওয়ার উদ্দেশ্য আমার ছিল না।
মধ্যনগর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম ছয়ফুল বলেন, সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। ঘটনাটি সম্পর্কে সংগঠনের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলীয় শৃঙ্খলা ও নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত (ইউএনও) সঞ্জয় ঘোষ জানান, কৃষক তালিকা নিয়ে আপত্তির লিখিত আবেদন আমরা পেয়েছি এবং বিতর্কিত নামগুলো পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে তালিকায় আপত্তি জানানোকে কেন্দ্র করে কোনো সাংবাদিককে হুমকির বিষয়টি অত্যন্ত দুঃখজনক। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।