এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে ৭৫ বোতল দেশি মদ উদ্ধার করা হয়েছে।
বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের শনিবার দিবাগত রাত পৌনে ৯ টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ এনায়েতপুর বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩২১/১২-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তর সাঁওতালপাড়া নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৭৫ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
