ঢাকাTuesday , 14 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাদীর অভিযোগ একদিকে, অন্যদিকে আসামিদের অ্যালিবাই হিসেবে সিসিটিভি ফুটেজ, সরকারি দপ্তরের রেকর্ড ও মোবাইল লোকেশনের দাবি নিরপেক্ষ তদন্তের দাবি সংশ্লিষ্টদের।

Mahamudul Hasan Babu
July 14, 2026 12:08 pm
Link Copied!

সবুজ হোসেন, নওগাঁ:নওগাঁর বদলগাছি মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মাহবুব আলমের দায়ের করা একটি হত্যা চেষ্টা, চাঁদাবাজি ও মারধরের মামলাকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন উঠেছে। মামলায় পাঁচজনকে আসামি করা হলেও অভিযুক্তদের দাবি, ঘটনার সময় তারা কেউই ঘটনাস্থলে ছিলেন না। বরং বিভিন্ন স্থানে অবস্থানের পক্ষে তাদের কাছে সিসিটিভি ফুটেজ, সরকারি দপ্তরের রেজিস্টার এবং অন্যান্য তথ্য-প্রমাণ রয়েছে।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, গত ২ জুলাই বিকেল ৪টার দিকে বদলগাছি মহিলা ডিগ্রি কলেজের অদূরে তার পথরোধ করে পাঁচজন আসামি দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। একই সঙ্গে প্রত্যেক আসামি আড়াই লাখ টাকা করে চাঁদা দাবি করে এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করা হয়।

তবে অভিযুক্তদের দাবি, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও প্রতিহিংসামূলক।

তাদের ভাষ্য অনুযায়ী, এক নম্বর আসামি লুৎফুর রহমান ঘটনার সময় নওগাঁর একটি পরীক্ষা কেন্দ্রে হল সচিবের দায়িত্ব পালন শেষে বিকেল ৪টার দিকে নিজ বাসায় প্রবেশ করেন। এরপর খাবার খেয়ে বিশ্রাম নেন এবং বিকেল ৫টার দিকে কবুতরকে খাবার দেন। এসব সময়ের সিসিটিভি ফুটেজ সংরক্ষিত রয়েছে বলে দাবি করা হয়েছে।

দুই, তিন ও চার নম্বর আসামিরা দাবি করেন, ঘটনার দিন দুপুরে তারা ডিগ্রির মোড়ে একটি কম্পিউটার প্রতিষ্ঠানে অভিযোগপত্র প্রস্তুতের কাজে ছিলেন। পরে দুই নম্বর আসামি জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগ জমা দেন। সংশ্লিষ্ট রিসিভ রেজিস্টার ও সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলে বিষয়টি যাচাই করা সম্ভব বলে তাদের দাবি।

চার নম্বর আসামির দাবি, পরে তিনি বাড়িতে শিক্ষার্থীদের পড়াচ্ছিলেন এবং সেই সময়েরও সিসিটিভি ফুটেজ রয়েছে। অন্যদিকে তিন নম্বর আসামি জানান, তিনি একটি ব্যক্তিগত প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন।

পাঁচ নম্বর আসামির পরিবারের দাবি, ঘটনার আগের দিন তিনি মায়ের চোখের চিকিৎসার জন্য রাজশাহীতে যান এবং এখনও সেখানে অবস্থান করছেন। তার মোবাইল ফোনের অবস্থান (লোকেশন) যাচাই করলে বিষয়টি স্পষ্ট হবে বলে দাবি করা হয়েছে।

এদিকে অভিযুক্তদের অভিযোগ, প্রায় এক মাস আগে চার নম্বর আসামিকে একটি কক্ষে আটকে রেখে মারধর করা হয়েছিল। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ তাকে উদ্ধার করে। কিন্তু সে ঘটনায় মামলা নেওয়া হয়নি বলেও অভিযোগ তাদের।

অনুসন্ধানে আরও জানা যায়, গত ২৪ জুন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাহবুব আলমকে অধ্যক্ষ পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি ও ইনডেক্স বাতিলের আদেশ জারি করা হয়েছে বলে অভিযুক্তদের দাবি। একই আদেশে অন্য একজনকে অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও তারা উল্লেখ করেন। তবে এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নথিপত্র স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।

এছাড়া যে স্থানে হামলার ঘটনা ঘটেছে বলে এজাহারে উল্লেখ রয়েছে, সেই এলাকার কয়েকজন স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলে এমন কোনো মারামারি বা হট্টগোলের কথা জানা যায়নি বলে প্রতিবেদকের অনুসন্ধানে উঠে এসেছে। যদিও এ তথ্যও স্বাধীনভাবে আরও যাচাই করা প্রয়োজন।

অনুসন্ধানে আরও জানা গেছে উক্ত এজাহারে উল্লিখিত সাক্ষীরা এ ঘটনা সম্পর্কে কিছু জানেন না এবং তাদেরকে কেন সাক্ষী হিসেবে নাম দেয়া হয়েছে সেটাও তাদের বোধগম্য নয়।

আবার এজাহারে তিনি নিজেকে অধ্যক্ষ দাবি করেছেন তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাগজপত্রাদি যাচাই-বাছাই অন্তে দেখা যায় বর্তমানে ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন উম্মে হাবিবা।

এসব বিষয় সামনে আসার পর প্রশ্ন উঠেছে যদি সিসিটিভি ফুটেজ, সরকারি রেজিস্টার, মোবাইল লোকেশন এবং প্রত্যক্ষ তথ্য-প্রমাণ মামলার বর্ণনার সঙ্গে সাংঘর্ষিক হয়, তাহলে তদন্তে সেগুলো কীভাবে মূল্যায়ন করা হবে?

অন্যদিকে আইনজ্ঞদের মতে, কোনো মামলার সত্যতা নির্ধারণের একমাত্র উপায় হলো নিরপেক্ষ ও বিজ্ঞানভিত্তিক তদন্ত। সিসিটিভি ফুটেজ, কল ডিটেইলস, মোবাইল লোকেশন, চিকিৎসা নথি এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যাচাই করেই প্রকৃত ঘটনা উদঘাটন সম্ভব।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলমান রয়েছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোন ফলাফল বলা সম্ভব নয় তবে ন্যায় এবং সঠিক ঘটনার তদন্তের মাধ্যমে আদালতে উপস্থাপন করা হবে।