আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে আয়োজিত এক সচেতনতামূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেহেরপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায় বলেন; মেয়েরা সমাজের বোঝা নয়, বরং সঠিক শিক্ষার মাধ্যমে তাদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে।
মঙ্গলবার মেহেরপুরের গাংনীতে আয়োজিত এক সচেতনতামূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেহেরপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায় এ কথা বলেন।
গাংনী উপজেলা প্রশাসন ও বামন্দী ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে বামন্দী বাজার প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শিল্পী রানী রায় মাদক, অনলাইন জুয়া, মোবাইল আসক্তি, বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং ও আত্মহত্যা প্রতিরোধে জোরালো আহ্বান জানান। তিনি বলেন, “মাদক নির্মূল করতে হলে শিক্ষার মানোন্নয়ন অপরিহার্য। শিক্ষার্থীদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে। তবেই সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব।
বাল্যবিবাহের কুফল তুলে ধরে তিনি আরও বলেন, “বাল্যবিবাহের কারণে সমাজে বিবাহবিচ্ছেদের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে।
আমাদের অভিভাবকদের সচেতন হতে হবে এবং মেয়েদের সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। নারীদের কখনোই সমাজের বোঝা মনে করা যাবে না।নারীরা বোঝা নয়, শিক্ষার আলোয় গড়ে তুলতে হবে দক্ষ প্রজন্ম।
বিশেষ অতিথির বক্তব্যে মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় সামাজিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা ডা. নুরুল হুদা। এ সময় গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, বামন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল ইসলাম সোহাগ, উপজেলা যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হারুন অর রশীদ বাচ্চু, যুবদল নেতা সম্রাট বিশ্বাস, বামন্দী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলমসহ স্থানীয় ইউপি সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাদকমুক্ত এবং সুন্দর সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
