আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার ধর্মচাকী গ্রামে সেচ পাম্পের ঘরে সিসি ক্যামেরা স্থাপন করতে গিয়ে বিদ্যুত স্পৃষ্ট হয়ে নুরাল হোসেন (৪৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরাে ২জন। নিহত নুরাল ধর্মচাকী গ্রামের পশ্চিম পাড়া আজিজুল হকের ছেলে।
আহতরা হলেন একই গ্রামের বাসিন্দা সেচ পাম্পের মালিক সাইফুল ইসলাম ও সাহারুল ইসলাম। বৃহস্পতিবার বিকেলে ধর্মচাকী গ্রামের বোরিং এর মাঠে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে কৃষক নুরাল মাঠে নিজের গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। এ সময় ওই মাঠের একটি সেচ পাম্পের মালিক সাইফুল ইসলাম তার পাম্পের ঘরে সিসি ক্যামেরা লাগানোর কাজ করছিলেন। একা কাজটি করতে অসুবিধা হওয়ায় তিনি মাঠের কাজে থাকা নুরাল হোসেন ও পাশে থাকা অন্য চাষী সাহারুল ইসলামকে সাহায্যের জন্য ডেকে নেন। সিসি ক্যামেরা লাগানোর একপর্যায়ে অসাবধানতাবশত তারা তিনজনই বিদ্যুত স্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই নুরাল হোসেনের মৃত্যু হয় এবং সাইফুল ও সাহারুল গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত সেচ পাম্পের মালিক সাইফুল ইসলাম ও কৃষক সাহারুল ইসলামকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করেছেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফারুক হোসেন জানান,বিদ্যুৎ স্পৃষ্টে নুরাল নামের ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধারসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
