সবুজ হোসেন, নওগাঁ: নওগাঁ সদরের কুমুরিয়া (জবার মোড়) এলাকায় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। রবিবার (২০ জুলাই) বিকেল ৫টায় নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রাস্তার পাশে পাথর, বালি ও ইটের খোয়া উন্মুক্ত অবস্থায় ফেলে রেখেছে এবং সেগুলো ঢেকে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি। এ অপরাধে দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় উপস্থিত জনগণকে বায়ুদূষণ প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে জেলা পুলিশের একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
