কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত পুরাতন ভবন ভাঙার সময় বিদুৎপিষ্ট হয়ে পিতার সামনে পুত্র ইয়ানুর হোসেন (২৬) মারা গেলেন।
সোমবার সকাল ৮ টার সময় কোটচাঁদপুর বালিকা বিদ্যালয়ের পুরাতন ভবনে কাজ করার সময় এ দূর্ঘটনা ঘটে। নিহত ইয়ানুর কালিগঞ্জ উপজেলার হেলা গ্রামের জামের আলীর ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি নিলামে বিক্রি করা হয় কোটচাঁদপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে পরিত্যক্ত ভবন। ভবনটি কেনেন ঠিকাদার রিয়াজ আহম্মেদ। গেল ৭/৮ দিন যাবত সেই ভবনটি ভাঙ্গার কাজ করছিলেন কালিগঞ্জ হেলা পাড়ার জামের আলী ও তাঁর ছেলে ইয়ানুর হোসেন।
সোমবার সকালে কাজের সময় ওই ভবনের একটি রড ধরে টানতে থাকেন ইয়ানুর হোসেন। এ সময় অসাধানাবশত ভবনের উপরে থাকা পিডিবির ৩৩ হাজার ভোল্টের খোলা তারের সাথে তাঁর হাতে থাকা রডটি স্পর্শ করলে সে গুরুতর আহত হন।
পরে স্থানীয় মানুষের সহায়তায় পিতা জামের আলী ছেলেকে চিকিৎসার জন্য কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন। হাইভোল্টেজ বিদ্যুৎ লাইনের পাশে বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন ভাঙার মতো ঝুঁকিপূর্ণ কাজে বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন না করা এবং শ্রমিকদের হেলমেট, গ্লাভসসহ প্রয়োজনীয় ব্যক্তিগত সুরাসামগ্রী সরবরাহ না করায় জনমনে এই অবহেলিতজনিত মৃত্য নিয়ে প্রশ্ন উঠেছে।
বিষয়টি নিয়ে কোটচাঁদপুর বিদুৎ অফিসের সহকারী প্রকৌশলী (আবাসিক) সাইদুজ্জামান বলেন, এর জন্য আমাদের কোন দায়ভার নেই। কারন কাজের আগেই একটু সাবধানে কাজ করলে এ ধরনের ঘটনা এড়ানো সম্ভব।
কোটচাঁদপুর থানার (ওসি তদন্ত) আনসারুল্লাহ হক বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছেন। পুলিশ তদন্ত করে যে রিপোর্ট দিবেন সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
