ঢাকাSunday , 2 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন, আংশিক ক্ষতিগ্রস্ত

Mahamudul Hasan Babu
August 2, 2026 11:53 am
Link Copied!

মোঃ সাইফুর রশিদ চৌধুরী, গোপালগঞ্জ। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্মিত ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তোরণটি উদ্বোধনের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। কে বা কারা তোরণটিতে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে কেটে পড়ে। আগুনে তোরণের নিচের অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
জানা গেছে, শনিবার বিকেলে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল যৌথভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ১ নম্বর গেটের দক্ষিণ পাশে কিছুটা দূরে তোরণটি নির্মাণ করে। জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ ও আহতদের স্মরণে এটি তৈরি করা হয়েছিল এবং এর পাশাপাশি বর্ষপূর্তি উদযাপনে বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করা হয়। তবে সন্ধ্যা গড়াতেই অজ্ঞাত দুষ্কৃতকারীরা এতে আগুন লাগিয়ে দেয়।
এ ঘটনার পর প্রতিক্রিয়া জানিয়ে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, জুলাই গণঅভ্যুত্থান এক দিনের ঘটনা নয়, এটি দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম ও নিপীড়িত মানুষের বিজয়ের ফসল। দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ অত্যাচার, গুম, খুন ও ভোটাধিকার হরণের শিকার হয়েছে। অবশেষে আন্দোলনের মুখে স্বৈরাচারের পতন ঘটেছে এবং মানুষ তার ভোটাধিকার ফেরত পেয়েছে।
তোরণে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।