ঢাকাMonday , 3 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

অপপ্রচার ও প্রাণনাশের শঙ্কার অভিযোগ এনে নিরাপত্তা চেয়ে মুন্টু মিয়ার সংবাদ সম্মেলন 

Mahamudul Hasan Babu
August 3, 2026 12:10 pm
Link Copied!

বাদশা আলম  বগুড়া প্রতিনিধি বগুড়ার শেরপুরে নিজেকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার, মানহানিকর প্রচারণা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের শঙ্কার অভিযোগ তুলে প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন মো. মুন্টু মিয়া।
সোমবার (৩ আগস্ট) দুপুরে শেরপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি এসব অভিযোগ করেন। এ সময় তার প্রথম স্ত্রী ময়না বিবি ও দ্বিতীয় স্ত্রী স্বপ্না বেগম উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে মুন্টু মিয়া বলেন, সম্প্রতি তাকে জড়িয়ে একটি মানববন্ধনের আয়োজন করা হয়। ওই মানববন্ধনে শিখা খাতুন, তার স্বামী আরিফ তালুকদার, মাসুদ তালুকদার ও শহিদা বেগম তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা, ভিত্তিহীন, কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। এসব অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই দাবি করে তিনি বলেন, তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা, তার সম্মান নষ্ট করা এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই পরিকল্পিতভাবে এসব প্রচারণা চালানো হয়েছে।
তিনি অভিযোগ করেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের পারিবারিক ও ব্যক্তিগত বিরোধের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা না থাকলেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে ওই বিরোধে জড়িয়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। বিদ্বেষমূলক প্রচারণার মাধ্যমে গ্রামের সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এবং তাকে সামাজিকভাবে একঘরে করার অপচেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন সময়ে দলবদ্ধভাবে লোকজন নিয়ে তার বাড়িতে গিয়ে ভয়ভীতি প্রদর্শন, হুমকি প্রদান এবং তাকে শারীরিকভাবে আক্রমণের পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এসব ঘটনার কারণে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। এমনকি নিজের জীবন রক্ষার্থে বর্তমানে তাকে আত্মগোপনে থাকতে হচ্ছে বলেও উল্লেখ করেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, যেকোনো সময় তার বা পরিবারের সদস্যদের ওপর অনাকাঙ্ক্ষিত হামলা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
মুন্টু মিয়া বলেন, তিনি একজন আইন মেনে চলা নাগরিক এবং কখনো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। অথচ পরিকল্পিত অপপ্রচার, সামাজিক চরিত্রহনন ও মিথ্যা অভিযোগের মাধ্যমে তাকে অপরাধী হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে, যা তার ব্যক্তিগত মর্যাদা ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী।
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এবং তাকে ঘিরে পরিচালিত অপপ্রচারের বিষয়ে নিরপেক্ষ, সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের দাবি জানান। একই সঙ্গে তার ও পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং মিথ্যা তথ্য প্রচার, মানহানি, ভয়ভীতি প্রদর্শন ও উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
তিনি আরও বলেন, তার বা পরিবারের কোনো সদস্যের ওপর হামলা বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে বিষয়টি যথাযথ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি তিনি প্রশাসন, মানবাধিকার সংস্থা, সুশীল সমাজ ও দেশবাসীর প্রতি একপাক্ষিক প্রচারণায় বিভ্রান্ত না হয়ে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সহযোগিতা করার আহ্বান জানান।