মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের আওতায় পরিচালিত নগর মাতৃসদন কেন্দ্রে এক প্রসূতি ও তাঁর গর্ভের সন্তানের মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে পীরগঞ্জ সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শ্রাবনীর পরিবার,আত্মীয় স্বজন, প্রতিবেশীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রাবনীর বাবা মতিয়ার রহমান, মা শিমা বেগম, প্রতিবেশী ঝুমা বেগম, আরিফুল ইসলাম আরাফ, পৌর বিএনপি’র সভাপতি সাইফুল আজাদ মন্ডল, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম সরকার। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন পীরগঞ্জ প্রেসক্লাব সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও সভাপতি মাজহারুল আলম মিলন প্রমূখ।
প্রসূতির মা শিমা বেগম মানববন্ধনে বলেন; বাড়ির কাছাকাছি হওয়ায় আমিসহ শ্রাবনী খালার সঙ্গে হেঁটে নগর মাতৃসদনে যাই। সেখানে চেক-আপ করার পর দ্রুত সিজার করার কথা বলেন এবং আমার স্বামী মতিয়ারকে ঔষধ কেনার জন্য পাঠায়। অপারেশন থিয়েটারে নেওয়া হলেও প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করানো হয়। এরপর আমাদের না জানিয়ে তাদের পরিচিত একটি অ্যাম্বুলেন্স ডেকে তাঁকে রংপুর হাসপাতালে পাঠানো হয়।
শ্রাবণীর বাবা মতিয়ার রহমান বলেন, তাঁকে ওষুধ কেনার জন্য অন্যত্র পাঠানো হয়েছিল। ফিরে এসে তিনি দেখেন, তাঁর মেয়েকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে এবং তাঁর মুখ কাপড় দিয়ে ঢাকা। কী ঘটেছে, সে বিষয়ে তাঁকে কিছু জানানো হয়নি। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা বলেন প্রসূতি আগেই মারা গেছে। যে ক্লিনিকে মারা গেছেন সেখানে নিয়ে যান।
বক্তারা ঘটনার সাথে জড়িত ব্যাক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। তারা আরোও বলেন ঘটনার ৪দিন পরও নগর স্বাস্থ্য কেন্দ্র, পৌরসভার দায়িত্বশীল কোন ব্যক্তি ওই পরিবারের খোঁজ খবর নেয়নি। পৌর প্রশাসক কর্তৃক বন্ধের বিজ্ঞপ্তি জারী করলেও পৌর নির্বাহীর ইশারায় এর কার্যক্রম চলমান রয়েছে। পূর্ব থেকে স্বাস্থ্য বিভাগের নিষেধাজ্ঞা সর্ত্ত্বেও পৌর সচিবের একক ক্ষমতাবলে বাণিজ্যিকভাবে নগর মাতৃসদন কেন্দ্র পরিচালিত হয়ে আসছে। বিভাগীয় তদন্ত স্বাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান বক্তারা।
উল্লেখ্য, গত ১৮ আগষ্ট (মঙ্গলবার) পীরগঞ্জ নগর মার্তৃসদন কেন্দ্রে গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটে। এঘটনায় কতর্ব্যরত ডাক্তার ও কর্মকর্তাদের বিরুদ্ধে চিকিৎসা অবহেলার অভিযোগ ওঠে। স্বজন ও এলাকাবাসী নগর মাতৃসদন কেন্দ্রটি ঘেরাও করে জড়িতদের শাস্তির দাবী জানান।
বৃহস্পতিবার পীরগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে নগর মাতৃসদন কেন্দ্রের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেন।
—
