মোঃ নাজিম উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে আবারও অবৈধ অস্ত্রের ঝনঝনানি। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় জাতীয়তাবাদী কৃষকদল নেতার কার্যালয়ে দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এতে জজ মিয়া নামে এক নেতা আহত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) রাত ১০টার দিক আর এ কে সিরামিক্সের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি জজ মিয়া তার কার্যালয়ে অবস্থান করছিলেন।
এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুলির ঘটনায় জজ মিয়া আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় কারা জড়িত এবং কী কারণে জজ মিয়াকে লক্ষ্য করে গুলি করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করে দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় অবৈধ অস্ত্রের ব্যবহার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তারা দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )শাহিনুর আলম বলেন, রাতে ঘটনা শোনার সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে , আমি নিজেও ছিলাম। তদন্ত শেষে জানা যাবে ঘটনার মূল কারণ।দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
