আবু রায়হান,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার ভরিপাশা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষের চারা এবং বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এসব কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সাকায়েত হোসেন মামুন খান বৃক্ষের চারা রোপণ ও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে চারা এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, নতুন এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন সাকায়েত হোসেন মামুন খান। এরই অংশ হিসেবে বিদ্যালয়ের চারপাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষের চারা, ফুটবল, জার্সি ও বুট বিতরণ করা হয়েছে।
এ সময় বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সাকায়েত হোসেন মামুন খান বলেন, “এটি আমাদের বিদ্যালয়। এখানে আমরা পড়াশোনা করেছি, এখন আমাদের পরবর্তী প্রজন্ম পড়াশোনা করছে। সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করার চেষ্টা করছি। বিশেষ করে বিদ্যালয়ের মাঠ সংস্কার, নতুন ভবন নির্মাণ ও শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ কাজে ভরিপাশার মানুষের সহযোগিতা প্রত্যাশা করছি।”
বৃক্ষের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মামুন, কেশবপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. লোকমান হোসেন খান, কেশবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল হক, শাহজাহান খান, সেলিম গাজী, আবদুর রাজ্জাক গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
