ঢাকাSunday , 23 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর হোটেল বাজার ও বড় বাজার এলাকায়  অভিযান / তিন প্রতিষ্ঠানকে  ৭০ হাজার টাকা জরিমানা

Mahamudul Hasan Babu
August 23, 2026 4:00 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার হোটেল বাজার ও বড় বাজার এলাকায় তদারকিমূলক অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়।

রোববার (২৩ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান তদারকি করা হয়।

অভিযানকালে যথাযথ কর্তৃপক্ষের সনদ গ্রহণ না করে এবং নিষিদ্ধ কেওড়া জল ও শিল্প লবণ ব্যবহার করে খাদ্যসামগ্রী তৈরির অভিযোগে মো. আব্দুস সালাম হাওলাদারের ঢাকা কাচ্চি ঘরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া লাইসেন্স নবায়ন না করা, কাঁচা মাংসের সঙ্গে খাওয়ার বরফ রাখাসহ বিভিন্ন অনিয়মের কারণে মো. মেহেদী হাসানের জোছনা বেকারি ও কনফেশনারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। লাইসেন্স ছাড়া বেকারি পণ্য তৈরি এবং পণ্যে মেয়াদ না দেওয়ার কারণে মো. আল আরাবি আজিজের আল বারাকা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে তিন প্রতিষ্ঠান থেকে সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা এবং যথাযথভাবে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণের জন্য বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. রিয়াজ মাহমুদ, ক্যাব সভাপতি মো. রফিকুল আলম, মেহেরপুর জেলা পুলিশের একটি দল এবং র‍্যাব-১২-এর একটি দল।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।