নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে বিশেষ কৌশলে তৈরি পোশাকে লুকিয়ে কোডিন ফসফেটযুক্ত অবৈধ মাদকদ্রব্য বহনের সময় দুই নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে ৭৪ বোতল Eskuf সিরাপ জব্দ করা হয়েছে। জব্দকৃত সিরাপের মোট পরিমাণ ৭ দশমিক ৪ লিটার।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বালিয়া দিঘী গ্রামের মোছাঃ নাদিরা বেগম (৪২), স্বামী মোঃ আকিরুল ইসলাম এবং একই এলাকার মৃত রেজাউল করিমের স্ত্রী মোছাঃ তানজিলা বেগম (৪০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রোববার (২৩ আগস্ট) রাত ২টা ১০ মিনিট থেকে রাত ৩টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুর থানাধীন কাছিকাটা টোলপ্লাজার পশ্চিম পাশে পাকা রাস্তার উত্তর পাশে জনৈক সাইদুল ইসলামের বাড়ির সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই নারীকে সন্দেহজনকভাবে আটক করে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে নাদিরা বেগমের পরিহিত কাপড়ে বিশেষ কায়দায় তৈরি পকেট থেকে ১০০ মিলিলিটারের ৪০ বোতল Eskuf উদ্ধার করা হয়। যার মোট পরিমাণ ৪ লিটার। অপর নারী তানজিলা বেগমের পরিহিত একই ধরনের বিশেষ পকেট থেকে ১০০ মিলিলিটারের ৩৪ বোতল Eskuf উদ্ধার করা হয়। যার পরিমাণ ৩ দশমিক ৪ লিটার।
এ ছাড়া গ্রেপ্তার দুই নারীর নামে থাকা বাসের একটি যাত্রী টিকিটও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ বাদী হয়ে গুরুদাসপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার দুই নারীকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আজ আদালতে পাঠানো হয়েছে।
নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের উপ-পরিচালক রীফা রাওনাক নীতু বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের পরিহিত কাপড়ে বিশেষ কৌশলে তৈরি পকেটের ভেতর থেকে কোডিন ফসফেটযুক্ত অবৈধ মাদকদ্রব্য Eskuf-এর ৭৪ বোতল উদ্ধার করা হয়। মাদক পরিবহন ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।”
