লামা প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নকে বিভক্ত করে প্রস্তাবিত ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠন সংক্রান্ত এক প্রকাশ্য গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মঈন উদ্দিন।
গণশুনানিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ জনগণ অংশ নেন।
অনুষ্ঠানে প্রস্তাবিত ৮নং ইয়াংছা ইউনিয়ন গঠনের যৌক্তিকতা, সম্ভাব্য সীমানা নির্ধারণ, জনসংখ্যা, প্রশাসনিক সুবিধা এবং স্থানীয় জনগণের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত বাসিন্দারা তাদের মতামত ও দাবিগুলো তুলে ধরেন।
স্থানীয়রা বলেন, ইয়াংছা এলাকা দীর্ঘদিন ধরে প্রশাসনিক ও নাগরিক বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে পিছিয়ে রয়েছে। নতুন ইউনিয়ন গঠিত হলে সাধারণ মানুষের সরকারি সেবা গ্রহণ সহজ হবে, প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
গণশুনানি থেকে স্থানীয় বাসিন্দারা ইয়াংছা এলাকাকে পৃথক ইউনিয়ন হিসেবে দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান। একই সঙ্গে নতুন ইউনিয়ন গঠনের প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের আহ্বান জানান তারা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গণশুনানিতে স্থানীয় জনগণের মতামত ও প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এসব মতামত ও প্রস্তাব যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করা হবে বলে জানানো হয়।
