ঢাকাSaturday , 29 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুর টেংরাকুড়া ও পশ্চিমপাড়াবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে আবেদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ নতুন ভোটকেন্দ্রের জোরালো দাবি

Mahamudul Hasan Babu
August 29, 2026 2:07 pm
Link Copied!

​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ ভোটাধিকার নাগরিকের মৌলিক অধিকার হলেও জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের টেংরাকুড়া ও পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের জন্য ভোট দেওয়া যেন এক চরম ভোগান্তির নাম। দীর্ঘ পথ অতিক্রমের ক্লান্তি, নদীবেষ্টিত দুর্গম যোগাযোগ ব্যবস্থা আর উপযুক্ত যাতায়াতের অভাব—সব মিলিয়ে প্রতিটি নির্বাচনেই ভোটাধিকার প্রয়োগে চরম অনিহা ও নানামুখী বাধার সম্মুখীন হচ্ছেন স্থানীয় সাধারণ ভোটার, বিশেষ করে নারী ও প্রবীণরা। এই দুর্ভোগ কাটিয়ে নির্বিঘ্ন ও অবাধ ভোটদান নিশ্চিত করতে ‘টেংরাকুড়া আবেদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ স্থায়ী ভোটকেন্দ্র স্থাপনের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়,স্বাধীনতার পর থেকে দীর্ঘ সময় ধরে প্রায় ৬ কিলোমিটার পায়ে হেঁটে ইসলামপুর থানা সদর সংলগ্ন চরদাদনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ৭টি গ্রামের মানুষকে ভোট দিতে হতো। পরবর্তীতে প্রায় এক দশক আগে কেন্দ্রটি বিভাজন করে ২ কিলোমিটার দূরে তেঘুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন কেন্দ্র স্থাপন করা হয়। বর্তমানে সেখানে তেঘুরিয়া গ্রামের ৩৩৮ জন এবং টেংরাকুড়া ও পশ্চিমপাড়া গ্রামের ৭৭৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করছেন।

এলাকাবাসীর অভিযোগ,তেঘুরিয়া কেন্দ্রটি ওয়ার্ডের শেষ সীমানায় অবস্থিত এবং এর যাতায়াত ব্যবস্থাও অত্যন্ত নাজুক। অন্যদিকে টেংরাকুড়া আবেদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা ও পরিকাঠামোর দিক থেকে অনেক বেশি উপযুক্ত। তাছাড়া এই এলাকায় ভোটার সংখ্যাও তুলনামূলক অনেক বেশি। কিন্তু উপযুক্ত অবকাঠামো থাকা সত্ত্বেও দীর্ঘ পথ পাড়ি দিয়ে খোলামেলা ও সুবিধাবঞ্চিত তেঘুরিয়া কেন্দ্রে গিয়ে ভোট দিতে গিয়ে প্রবীণ, নারী ও অসুস্থ ভোটাররা মারাত্মক সমস্যার সম্মুখীন হন।

স্থানীয় বাসিন্দা তানসেন মন্ডল জানান, ভোটকেন্দ্র দূরে হওয়ায় ইচ্ছা থাকা সত্ত্বেও দুর্গম পথের কারণে অনেকে ভোটকেন্দ্রে যেতে চান না। ভোটারদের দুর্ভোগ কমিয়ে অবাধে ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি করতে আবেদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবিলম্বে কেন্দ্র স্থাপন করা প্রয়োজন।

​অপর বাসিন্দা ছানোয়ার হোসেন বলেন, আমাদের এলাকায় প্রায় ৮ শত ভোটার রয়েছে। দীর্ঘ পথ হেঁটে গিয়ে ভোট দেওয়া নারী ও বয়স্কদের জন্য অত্যন্ত কষ্টকর। টেংরাকুড়া আবেদগঞ্জ স্কুলে কেন্দ্রটি স্থানান্তর করা হলে এলাকাবাসীর দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে।

বিষয়টি নিয়ে ইসলামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মাফুজুর রহমান জানান, আমরা ইতোমধ্যে এলাকাটি সরেজমিনে পরিদর্শন করেছি এবং জেলা কার্যালয়ে এই বিষয়ে শুনানী সম্পন্ন হয়েছে। জনস্বার্থের কথা বিবেচনা করে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

​ভোটার সংখ্যা ও এলাকার সুবিধাজনক ভৌগোলিক অবস্থান বিবেচনা করে দ্রুততম সময়ে তেঘুরিয়া কেন্দ্রটি ‘টেংরাকুড়া আবেদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ স্থানান্তরের মাধ্যমে অবাধ ও নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিত করা হবে—এমনটাই প্রত্যাশা করছেন ভুক্তভোগী এলাকাবাসী।