রাকিবুল ইসলাম, কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজা ও ১৬ বোতল এস্কাফ জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় মাদক রাখার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১৩ সূত্রে জানা যায়, র্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, রংপুরের সদর কোম্পানির একটি আভিযানিক দল কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশীপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে জাহিদ হাসান ওরফে আঙ্গুরের নির্মাণাধীন বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২৫ কেজি গাঁজা ও ১৬ বোতল এস্কাফ জব্দ করা হয়। এ সময় মাদক রাখার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পূর্বগ্রাম (কাঙ্গালটারী) এলাকার, বর্তমানে ধর্মপুর গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে মো. জাহিদ হাসান ওরফে আঙ্গুর (২৮), পশ্চিম অনন্তপুর গ্রামের মো. মোসলেম উদ্দিনের ছেলে মো. মোস্তফা কামাল (৩৮), মৃত সৈয়দ আলীর ছেলে মো. মোজাম্মেল হক (৪৩) এবং মো. মোসলেমউদ্দিনের ছেলে মো. হযরত আলী (২৯)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের এবং জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
