ঢাকাTuesday , 27 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত- ১, আহত -১

Mahamudul Hasan Babu
October 27, 2026 11:07 am
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাগুরা-ফরিদপুর সড়কের বেলনগর এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মিজানুর রহমান (৪০) নামে অপর এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

২৭ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বেলনগর সরকারি হাঁস প্রজনন কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ শেখ বেলনগর গ্রামের বাকি শেখের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। আহত মিজানুর রহমান কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের বাসিন্দা। তিনি পপুলার ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত।

রামনগর হাইওয়ে পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল হালিম বলেন, আব্দুল্লাহ শেখ একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল নিয়ে মধুখালী বাজার থেকে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন। অন্যদিকে মিজানুর রহমান একটি হিরো হোন্ডা মোটরসাইকেলে মাগুরা থেকে ওয়াপদা বাজারের দিকে যাচ্ছিলেন। বেলনগর সরকারি হাঁস প্রজনন কেন্দ্রের সামনে পৌঁছালে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ শেখকে মৃত ঘোষণা করেন। আহত মিজানুর রহমানকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।