ঢাকাTuesday , 27 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে দুই নারীকে মারধর ও বাড়িঘর ভাঙচুর, থানায় অভিযোগ

Mahamudul Hasan Babu
October 27, 2026 1:53 pm
Link Copied!

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, স্বর্ণালংকার ছিনতাই ও দুই নারীকে মারধরের অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার বেড়াইদেরচালা এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই নারীকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রোকিয়া আক্তারকে (৪৪) উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযোগকারী রোকিয়া আক্তারের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে মহাসিন প্রধান (৩২), রাকিব (২৫), মামুন (২৭) ও অজ্ঞাতনামা ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে প্রবেশ করেন। এ সময় তাঁরা রোকিয়া ও তাঁর ছোট বোন লাভলী আক্তারকে (৩৫) মারধর করেন। একপর্যায়ে লোহার রড দিয়ে আঘাত করায় রোকিয়ার ডান কাঁধে গুরুতর জখম হয়। এ ছাড়া তাঁর গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

রোকিয়ার অভিযোগ, হামলাকারীরা বাড়ির আসবাবপত্র ও টিনের বেড়া ভাঙচুর করে প্রায় ৭৫ হাজার টাকার ক্ষতি করেন। এ সময় তাঁর বোনের গলায় থাকা প্রায় আধা ভরি ওজনের স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য এক লাখ ২০ হাজার টাকা, ছিনিয়ে নেওয়া হয় বলেও তিনি দাবি করেন।

পরে স্থানীয় লোকজন আহত দুই নারীকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা দেওয়ার পর রোকিয়াকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।