রাকিবুল ইসলাম প্রতিনিধি, কুড়িগ্রাম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বানুর খামার শাহা আলম হাজির বাড়ি থেকে মধ্য বানুর খামার হয়ে পূর্ব বানুর খামার জামে মসজিদ দিয়ে হাশেম বাজারগামী সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। দেড় কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এ সড়কের গাইডওয়াল নির্মাণে নিম্নমানের ইট-বালু ব্যবহার এবং সিমেন্টের পরিমাণ কম দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা।
এলাকাবাসীর অভিযোগ, গাইডওয়াল নির্মাণে সিমেন্ট কম দিয়ে বালুর পরিমাণ বেশি রাখা হয়েছে। তাঁদের দাবি, নির্মাণের মাত্র চার দিনের মাথায় গাইডওয়ালটি ভেঙে পড়েছে। এতে নির্মাণকাজের মান ও স্থায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয়দের ভাষ্য, সরকারি অর্থে নির্মিত সড়কের কাজ যথাযথ মান বজায় রেখে সম্পন্ন করা জরুরি। তাঁদের অভিযোগ, কাজের মান যথাযথভাবে তদারকি না করার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী দ্রুত ঘটনাস্থল পরিদর্শন, নির্মাণকাজের মান যাচাই এবং অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয় পৌরসহকারী প্রকৌশলী হরিপদ রায়ের সঙ্গে মুঠো ফোনে কথা বললে তিনি জানান তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
