মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:মাগুরার মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর বি.কে মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিনোদপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ১০ম বার্ষিক ইছালে সওয়াব ও তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ আসর থেকে শুরু হওয়া এই মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, বিনোদপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জাফরী।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ আব্দুর রাজ্জাক জাফরী সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, “বিনোদপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কেবল একটি ধর্মীয় আয়োজক সংগঠন নয়, বরং এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও জনকল্যাণমুখী সামাজিক সংগঠন। ইসলামের সুমহান মানবিক আদর্শকে বুকে ধারণ করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং একটি আদর্শ ও মাদকমুক্ত সমাজ গঠন করাই আমাদের মূল লক্ষ্য।”
তিনি পরিষদের বিগত বছরগুলোর সামাজিক কর্মকাণ্ডের খতিয়ান তুলে ধরে আরও বলেন, “বিগত বছরগুলোতে আমরা এলাকার গরিব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, শীতার্তদের বস্ত্রদান, করোনাকালীন ও বিভিন্ন দুর্যোগে খাদ্য সহায়তা এবং অসুস্থ ও অসহায় মানুষের চিকিৎসার জন্য আর্থিক অনুদানসহ নানা জনকল্যাণমূলক কাজ পরিচালনা করে আসছি। সকলের সার্বিক সহযোগিতা পেলে ভবিষ্যতেও আমাদের এই মানবসেবামূলক কার্যক্রম আরও বৃহত্তর পরিসরে অব্যাহত রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।”
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, ঘুল্লিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাস্টার মোঃ নজরুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে মহাগ্রন্থ আল-কুরআন থেকে অত্যন্ত আকর্ষণীয় ও দিকনির্দেশনামূলক তাফসীর পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন মাগুরা জেলা শাখার সভাপতি হযরত মাওলানা এফ.এম জাহাঙ্গীর আলম ।
বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন ঘুল্লিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা মোঃ ময়েনুল ইসলাম (দ্বিতীয় বক্তা) এবং শ্রীপুর, মাগুরা থেকে আগত হযরত মাওলানা মোঃ আকিদুল ইসলাম (তৃতীয় বক্তা)। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রোকনুজ্জামান এবং স্থানীয় ওলামায়ে কেরামগণ।
ওয়াজ মাহফিলের পাশাপাশি অনুষ্ঠানে আগত বিশিষ্ট ইসলামী সংগীতশিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। পরিশেষে, দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।
