রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন- ২০২৬ আবারও সাময়িক ভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।
অনিবার্য কারণ দেখিয়ে শনিবার (৩১অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে প্রেসক্লাবের সদস্যদের গ্রুপে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়,অনিবার্য কারণবশত ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
রোববার(১নভেম্বর)প্রার্থীদের মধ্যে কোনো মনোনয়নপত্র বিক্রি করা হবে না এবং পরবর্তী সময়ে নির্বাচনের নতুন তারিখ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
এদিকে নির্বাচন স্থগিতের কারণ নিয়ে প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিকদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে মুঠোফোনে প্রধান নির্বাচন কর্মকর্তা এস এম হালিম দুলালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান,অসুস্থতা জনিত কারণে তিনি নির্বাচন স্থগিত করা হলো। তবে আগের কমিটিই বহাল রাখা হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে অসুস্থতাজনিত কোনো কারণ উল্লেখ করা হয়নি। ফলে প্রধান নির্বাচন কর্মকর্তা ব্যক্তিগত অসুস্থতার কারণে নির্বাচন স্থগিত করার সিদ্ধান্তটি কী ক্ষমতাবলে নিয়েছেন,তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাংবাদিকরা।
সাংবাদিকদের প্রশ্ন, ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন বারবার স্থগিত বা পিছিয়ে দেওয়ার রহস্য কী? কোন অদৃশ্য শক্তির কালো ছায়ায় নির্বাচন বানচাল হচ্ছে কিনা এ নিয়েও প্রশ্ন তুলেছেন সাংবাদিক মহল। নির্বাচন পরিচালনা কমিটির এহেন সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার ও স্বচ্ছতা নিয়েও তারা জানতে চান।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রেসক্লাবের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার স্বার্থে পূর্বের ন্যায় বিদ্যমান কার্যকরী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্রেসক্লাবের কার্যক্রম চলবে।
তবে নির্বাচন স্থগিতের সুনির্দিষ্ট কারণ, নতুন নির্বাচনের সম্ভাব্য সময়সূচি এবং এ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে আরও স্পষ্ট ব্যাখ্যা প্রত্যাশা করছেন ইসলামপুরের সাংবাদিকরা।
