পীরগঞ্জ উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি মিফতাহুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মহসিন খন্দকার, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা মল্লিকা পারভিন এবং পুলিশের পরিদর্শক (তদন্ত) নুর আলম। এ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের পীরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক জাকির হোসেন, শহিদুল ইসলাম মন্ডল সেবু, হারুন অর রশিদ ও ইয়াতিমুল হাসান লিটন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এর কারণে শিশুদের স্বাভাবিক বিকাশ, শিক্ষাজীবন ও সুন্দর ভবিষ্যৎ বাধাগ্রস্ত হয়। এ সামাজিক সমস্যা প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসনসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি এবং মেয়েদের শিক্ষার পরিবেশ ও সুযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
বক্তারা বলেন, বসুন্ধরা শুভসংঘের এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ক্ষেত্রে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বসুন্ধরা শুভসংঘের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
—
