ঢাকাTuesday , 17 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ

Mahamudul Hasan Babu
November 17, 2026 8:58 am
Link Copied!

নাটোর প্রতিনিধি:নাটোরের বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয় লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত ২টা ২৫ মিনিটের দিকে উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
গ্রামীণ ব্যাংকের বাঁশবাড়িয়া শাখার ব্যবস্থাপক শফিউল হাসান জানান, নৈশপ্রহরীর বরাত দিয়ে তিনি জানতে পারেন, রাত ২টা ২৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে ব্যাংকের প্রধান ফটকের সামনে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এরপর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তিনি আরও জানান, ঘটনার সময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা পাশের আবাসিক কোয়ার্টারে ঘুমিয়ে ছিলেন। পেট্রোল বোমা নিক্ষেপের বিকট শব্দ শুনে তাঁরা বাইরে বেরিয়ে আসেন এবং দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এতে ব্যাংকের কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস জানান, দুর্বৃত্তরা কাঁচের ও প্লাস্টিকের বোতলে দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরিয়ে ব্যাংক কার্যালয়ের সামনে নিক্ষেপ করে। দায়িত্বে থাকা নৈশপ্রহরী দ্রুত আগুন নিভিয়ে ফেলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সেখান থেকে দুটি কাঁচের বোতল উদ্ধার করে। কারা, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।