স্থানীয় কৃষক আবকর আলী জানান, রাস্তার ধারের জমিতে আগে বিভিন্ন ফসল চাষ করলেও গরু-ছাগলের কারণে সেগুলো রক্ষা করা কঠিন ছিল। রাস্তার পাশে বেড়া বা ঘেরা দেওয়া ছাড়াই যে ফসল গরু-ছাগলে নষ্ট করে না, সেই তিল চাষের দিকেই ঝুঁকেছেন তিনি। গত দুই বছর ধরে নিজের জমির পাশাপাশি রাস্তার ধারের জমিতেও তিল চাষ করে লাভবান হচ্ছেন। ভবিষ্যতে রাস্তার পাশে আরও বেশি জমিতে তিল চাষ করার পরিকল্পনা রয়েছে তাঁর।
এ বছর অন্যান্য বছরের তুলনায় পীরগঞ্জে রাস্তার ধারে তিল চাষ উল্লেখযোগ্য হারে বেড়েছে। উপজেলার বিভিন্ন সড়কের পাশে এখন তিলের ক্ষেত চোখে পড়ছে। বিশেষ করে পীরগঞ্জ-খালাশপীর সড়কের বাহাদুরপুর থেকে বাবনপুর পর্যন্ত বিভিন্ন স্থানে তিল চাষ করা হয়েছে। এ ছাড়া খালাশপীর-মদনখালী, খালাশপীর-ভেন্ডাবাড়ী, খালাশপীর-চতরা, খালাশপীর-টুকুরিয়া, লালদীঘি-কুমেদপুর এবং কুমেদপুর-খয়েরবাড়ী সড়কের দুই পাশেও তিলের আবাদ দেখা যাচ্ছে।
তিল একটি একবর্ষজীবী উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Sesamum indicum। বিশ্বের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে ব্যাপকভাবে তিলের চাষ হয়। বাংলাদেশ, চীন, যুক্তরাষ্ট্র, জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে এ ফসল উৎপাদিত হয়। তিলগাছ সাধারণত ছয় ফুট পর্যন্ত লম্বা হতে পারে। তিলের বীজ থেকে ভোজ্য তেল তৈরি করা হয়। বাংলাদেশে এটি অন্যতম প্রধান তেলবীজ ফসল। তুলনা মূলক কম খরচে এবং সহজ পদ্ধতিতে পতিত জমিতেও তিল চাষ করা সম্ভব।
তিলগাছে পাতার গোড়ায় সাদা, হালকা নীল কিংবা গোলাপি রঙের ফুল ফোটে। তিলের বীজ পুষ্টিগুণেও সমৃদ্ধ। এতে প্রোটিন, ফাইবার, স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন ও বিভিন্ন খনিজ উপাদান রয়েছে।
স্থানীয় কৃষকদের প্রত্যাশা, রাস্তার ধারের পতিত জমিতে তিল চাষের এ উদ্যোগ আরও সম্প্রসারিত হলে একদিকে যেমন জমির সঠিক ব্যবহার নিশ্চিত হবে, অন্যদিকে কৃষক ও বেকার যুবকদের বাড়তি আয়ের সুযোগ তৈরি হবে।
পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুমন সরকার জানান, রাস্তার ধারের পতিত জমিতে তিল চাষ একটি প্রশংসনীয় উদ্যোগ। উপজেলার বিভিন্ন সড়ক সংলগ্ন গ্রামের বেকার যুবকেরা দলবদ্ধভাবে বা গ্রুপভিত্তিক তিল চাষ করলে বছরে দুইবার অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি হতে পারে। এ ক্ষেত্রে কৃষি বিভাগ দলবদ্ধভাবে তিল চাষে আগ্রহীদের প্রয়োজনীয় প্রযুক্তিগত পরামর্শ ও উপকরণ সহায়তা দেবে।
—
