ঢাকাSunday , 22 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টিতে অভয়নগরে ৪৮৫ হেক্টর জমির ধানসহ সবজি ক্ষতিগ্রস্ত

Mahamudul Hasan Babu
November 22, 2026 4:05 pm
Link Copied!

আমিনুর রহমানঃ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা ৩ দিনের বৃষ্টিতে যশোরের অভয়নগরে মাঠে কেটে রাখা আমন ধান, সবজি, সরিষাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাঠে কেটে রাখা ধান পানিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কায় বিপাকে পড়েছেন কৃষকরা। একই সঙ্গে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে সরিষা, সবজি, পিয়াজ ও মসুরের আবাদ। বৃষ্টিতে উপজেলার ৪৮৫ হেক্টর জমির আবাদী ফসল আক্রান্ত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সিঙগাড়ী গ্রামে সরজমিন দেখা যায়, মাঠে কেটে রাখা ধান বৃষ্টির পানিতে ভাসছে। কোথাও ধান পানিতে ডুবে আছে, কোথাও আবার জমিতে হেলে পড়েছে। টানা বৃষ্টিতে আমন ধান কাটার পাশাপাশি মাড়াইয়ের কাজও ব্যাহত হচ্ছে। ফলে উৎপাদিত ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, অভয়নগরে ১ হাজার ১৭০ হেক্টর আবাদি জমির মধ্যে ৪৮৫ হেক্টর জমি বৃষ্টিতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৭৫০ হেক্টর সরিষার আবাদ থেকে ৪৫০ হেক্টর, ৪১০ হেক্টর সবজি আবাদ থেকে ২২ হেক্টর, ৫ হেক্টর পিয়াজের আবাদ থেকে ২ হেক্টর এবং ৫ হেক্টর মসুরের আবাদ থেকে ১ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলার সিঙ্গাড়ী গ্রামের কৃষক মুস্তাফিজুর রহমান মোল্লা বলেন, ‘রোদ দেখে ধান কেটেছিলাম। পরে জানতে পারি, দুইদিন বৃষ্টি হবে। আমার অনেক ধান এখন মাঠে পানিতে ভিজছে। আগে আবহাওয়ার খবর জানতে পারলে হয়তো ধান কাটতাম না।’

এ বিষয়ে অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. লাভলী খাতুন বলেন, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ধানসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। নিচু জমিতে আবাদ করা শীতকালীন শাক-সবজি ও রবি ফসলও জলাবদ্ধতায় ক্ষতির মুখে পড়েছে। দীর্ঘ সময় ধান ভেজা থাকলে অঙ্কুরোদগমসহ নানা সমস্যা দেখা দিতে পারে। দ্রুত পানি নিষ্কাশন ও রোদ না মিললে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।