ঢাকাTuesday , 24 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে পুড়ল চার বসতবাড়ি, ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও শাম্মী আক্তার

Mahamudul Hasan Babu
November 24, 2026 2:38 pm
Link Copied!

আরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি:নাটোরের নলডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতবাড়ি পুড়ে গেছে। এতে দুটি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত এবং অপর দুটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে প্রায় ৮ থেকে ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৫০ মিনিটের দিকে নলডাঙ্গা উপজেলার তেঘরিয়া মন্ডলপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোশারফ হোসেন ওরফে রিপন মন্ডল (৪২) ও লিটন মন্ডলের (৪৮) বসতবাড়িতে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ সময় মোশারফের স্ত্রী রাঙ্গা বেগম আগুনের শিখা দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং নলডাঙ্গা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে চারটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে দুটি বাড়ির আসবাবপত্রসহ কোনো মালামালই উদ্ধার করা সম্ভব হয়নি। বাড়ি দুটি সম্পূর্ণ পুড়ে যায়। অপর দুটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পরিবারগুলোর ঘরবাড়ি, আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের মধ্যে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ করেন। পাশাপাশি আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ঢেউটিন ও আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌরসভার সাবেক প্রশাসক ও জেলা বিএনপির সদস্য এম এ হাফিজ, মাধনগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. সামসুল ইসলাম এবং নলডাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের স্টাফ জহিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। আগুনে বসতঘর ও প্রয়োজনীয় মালামাল হারিয়ে তাঁরা মানবিক সহায়তার অপেক্ষায় রয়েছেন।