লামা (বান্দরবান) প্রতিনিধি:বান্দরবান জেলার লামা উপজেলায় সরই ইউনিয়নে অবৈধভাবে উত্তোলন ও মজুদ করা বিপুল পরিমাণ বালুর বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সরই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৭টি স্থান থেকে মোট ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার। এ সময় উপস্থিত ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সরই ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করে মজুদ করা হচ্ছিল। সুযোগ বুঝে দিনে-রাতে এসব বালু চট্টগ্রামসহ বিভিন্ন জেলা-উপজেলায় পাচার করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। এমন সংবাদের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়।
অভিযান প্রসঙ্গে ইউএনও সোমাইয়া আক্তার বলেন, “লামায় যোগদানের পর অবৈধ বালুর বিরুদ্ধে এটি আমার প্রথম অভিযান। উপজেলার পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় পর্যায়ক্রমে সব অবৈধ বালুর পয়েন্টে অভিযান চালানো হবে। অবৈধ বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
