আরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় বৈধ লাইসেন্স ছাড়াই করাত-কল (স-মিল) পরিচালনা এবং রাস্তার পাশে কাঠ রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে দুই ব্যক্তিকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সোনাপাতিল এলাকায় জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে উপজেলার দুটি করাত-কল পরিদর্শন করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভাগীয় বন কর্মকর্তা কর্তৃক ইস্যুকৃত বৈধ লাইসেন্স ছাড়াই করাত-কল স্থাপন ও পরিচালনার প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি রাস্তার পাশে যত্রতত্র কাঠ রেখে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়টিও নজরে আসে।
পরে করাত-কল স্থাপন ও পরিচালনা (লাইসেন্স) বিধিমালা, ২০১২-এর ১২ ধারা লঙ্ঘনের দায়ে সোনাপাতিল গ্রামের মো. অমিদুল ইসলাম (৫০) কে ১০ হাজার টাকা এবং পূর্ব সোনাপাতিল গ্রামের মো. শামীম সরদার (৩৯) কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন ফরেস্টার মো. জাহিদ হোসেন, উপজেলা বন কর্মকর্তা সত্যেন সেনসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে ছিল নলডাঙ্গা থানা পুলিশের একটি দল।
অভিযান সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থ রক্ষা, সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং অবৈধভাবে করাত-কল পরিচালনা প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
