কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: জাতীয় সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জুলাই আন্দোলনে আহত যোদ্ধারা বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে জীবন কাটাচ্ছেন। তাঁদের রাষ্ট্রীয় উদ্যোগে সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি কোনো জুলাই যোদ্ধা মৃত্যুবরণ করলে রাষ্ট্রীয় সম্মান ও গার্ড অব অনার প্রদানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলায় সম্প্রতি বিনা চিকিৎসায় মৃত্যুবরণকারী জুলাই যোদ্ধা বিপ্লব হোসেনের বাড়িতে গিয়ে তাঁর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আখতার হোসেন আরও বলেন, জুলাই যোদ্ধাদের মৃত্যুর পর তাঁদের নামে দেওয়া সরকারি ভাতা বন্ধ হয়ে যায়। শহীদ জুলাই যোদ্ধার পরিবারের যে সদস্যের নামে ভাতা দেওয়া হয়, তিনি মারা গেলে পরিবারের অন্য কোনো সদস্যের নামে ভাতা চালুর ব্যবস্থা থাকে না। প্রয়োজনে আইন সংশোধন করে হলেও শহীদ জুলাই যোদ্ধাদের পরিবারের জন্য ভাতা অব্যাহত রাখার উদ্যোগ নিতে হবে।
পরে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কাউনিয়া উপজেলা এনসিপি কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি অভিযোগ করেন, রাতের আঁধারে আওয়ামী লীগের লোকজন পেট্রোল ঢেলে এনসিপি কার্যালয়ে আগুন দিয়েছে। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, যানবাহন পোড়ানো এবং এনসিপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলার ঘটনাও ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, এনসিপি দেশের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। যেভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, সেভাবেই আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হবে।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কাউনিয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোস্তাফিজুর রহমান রানা, সাবেক আমির মাওলানা আব্দুস সালাম সরকার, বালাপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুর রহিম, ছাত্রশক্তির থানা আহ্বায়ক রাজু আহমেদ প্রমুখ।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ৩৫টি মসজিদের অনুকূলে বরাদ্দকৃত সরকারি অনুদানের চিঠি হস্তান্তর করেন সংসদ সদস্য আখতার হোসেন।
