ঢাকাThursday , 17 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দুদকের মামলায় গোপালগঞ্জের ‘স্বর্ণা টাওয়ার’ রিসিভারের নিয়ন্ত্রণে: ক্ষুব্ধ মালিকপক্ষ

Mahamudul Hasan Babu
September 17, 2026 2:17 pm
Link Copied!

​গোপালগঞ্জ প্রতিনিধি: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আদালতের আদেশে ক্রোক হওয়া গোপালগঞ্জের ১০ তলাবিশিষ্ট আবাসিক ভবন ‘স্বর্ণা টাওয়ার’-এর সার্বিক রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্বে আনুষ্ঠানিকভাবে নিয়ন্ত্রণ নিয়েছে আদালত কর্তৃক নিয়োগকৃত রিসিভার দল।
​বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় গোপালগঞ্জ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের গোবরা নীলামাঠ সংলগ্ন এলাকায় অবস্থিত ভবনটিতে উপস্থিত হয়ে জেলা দুর্নীতি দমন কমিশন এ প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করে। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ২০২৫ সালের ২৬ জুন ও ২৪ আগস্টের পৃথক আদেশের পরিপ্রেক্ষিতে এবং দুদক গোপালগঞ্জ জেলা কার্যালয়ের গত ১৪ সেপ্টেম্বরের নোটিশ অনুযায়ী এ দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া পরিচালিত হয়।
​দুদক কর্মকর্তা সূত্রে জানা যায়, ভবনটির মূল মালিক শেখ মোহাম্মদ ইকরাম—যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকুর শ্যালক। দুর্নীতি দমন কমিশনের ঢাকা-০১ কার্যালয়ে দায়েরকৃত একটি দুর্নীতি মামলার (মামলা নং-৪৩, তারিখ: ১৩ জানুয়ারি ২০২৫) প্রেক্ষিতে আদালত সম্পত্তিটি ক্রোক ও রিসিভার নিয়োগের এই নির্দেশনা দেন। রিসিভার দলের দায়িত্বে ছিলেন দুদকের সহকারী পরিচালক আব্দুল লতিফ হাওলাদার ও উপসহকারী পরিচালক আফসার উদ্দিন। নিয়ন্ত্রণে নেওয়া সম্পত্তির মধ্যে রয়েছে ৩০টি সুসজ্জিত ফ্ল্যাট ইউনিট, ১টি লিফট, সিসিটিভি ক্যামেরা ও প্রয়োজনীয় গৃহস্থালি আসবাবপত্র।
​এদিকে হঠাৎ করে ভবনের নিয়ন্ত্রণ নেওয়ার ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছে ভবন মালিকপক্ষ। কোনো প্রকার আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি তাদের। ভবন মালিকের বড় ভাই আবুল কালাম আজাদ অভিযোগ করে বলেন, “আমরা দুই ভাই প্রায় তিন যুগ ধরে ফিলিপাইনে বসবাস করছি। এটি আমাদের রক্তের ঘামে উপার্জিত সম্পূর্ণ বৈধ রেমিট্যান্সের টাকায় নির্মিত ভবন, এখানে কোনো কালো টাকা নেই। ক্রোক বা রিসিভার নিয়োগের বিষয়ে আমাদের পূর্ব থেকে কিছুই জানানো হয়নি। গত মঙ্গলবার হঠাৎ দুদকের নোটিশ পাই এবং পরদিনই কোনো আইনি ব্যাখ্যা দেওয়ার সুযোগ না দিয়ে ভবনের নিয়ন্ত্রণ নেওয়া হয়।”
​দুদক গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক আফসার উদ্দিন জানান, আদালতের সুনির্দিষ্ট আদেশ বাস্তবায়নেই তারা স্বর্ণা টাওয়ারের সার্বিক দেখভাল ও ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ নিয়েছেন। বিজ্ঞ আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভবনটির যাবতীয় ভাড়া আদায়, আয়-ব্যয় ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম রিসিভারের প্রত্যক্ষ তত্ত্বাবধানেই পরিচালিত হবে।