স্টাফ রিপোর্টার (লক্ষীপুর)আবু সালমান নোয়াখালী,আলেকজান্ডার হাইওয়েতে যান চলাচল বন্ধ
লক্ষ্মীপুরের রামগতিতে আলেকজান্ডার মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার দুপুর ১২ টা শিক্ষার্থীরা নোয়াখালী,আলেকজান্ডার আঞ্চলিক মহাসড়কে অবস্থান নিলে সড়কের দুই পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
বিক্ষোভরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, পূর্বনির্ধারিত পরীক্ষা কেন্দ্র হঠাৎ করে স্থানান্তর করায় তারা চরম ভোগান্তির শিকার হচ্ছে। দূরবর্তী স্থানে পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করায় যাতায়াত সমস্যা, সময়মতো কেন্দ্রে পৌঁছানো এবং নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তারা অবিলম্বে পরীক্ষা কেন্দ্র পুনরায় আগের স্থানে বহালের দাবি জানান।
এ সময় সড়কে আটকে পড়ে বিভিন্ন যানবাহন। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।
শিক্ষার্থীরা জানান, তাদের যৌক্তিক দাবির সুরাহা না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।
