মোঃ রেজাউল করিম,লালমনিরহাট।পে-কমিশনের সুপারিশকৃত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ সহ ৭ দফা দাবীতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে লালমনিরহাট রেলওয়ে কর্মচারী ঐক্য পরিষদ।
রবিবার (১ জানুয়ারী)সকালে দাবী বাস্তবায়নের লক্ষ্যে ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদের’ কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত টানা তিনদিনের প্রতিবাদ কর্মসূচীর অংশ হিসেবে এ কর্মসূচী পালিত হয়।
প্রতিবাদ কর্মসূচীর অংশ হিসেবে রেলওয়ে বিভাগীয় কার্যালয় প্রাঙ্গন থেকে বিক্ষোভ শুরু হয়ে লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম ঘুরে পূণরায় বিভাগীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচী পালন করে রেলওয়ের কর্মচারীরা।
সমাবেশে বক্তারা বলেন, সরকারী অর্থ খরচ করে পে-কমিশন গঠন করা হলেও তাদের সুপারিশকৃত পে-স্কেল বাস্তবায়নে অপারগতা প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার । নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর পর পর পে-স্কেল ঘোষণার কথা থাকলেও দীর্ঘ ১১ বছরেও নতুন পে-স্কেল ঘোষণা করেনি কোনো সরকার। অনতিবিলম্বে ঘোষিত পে-স্কেল বাস্তবায়ন করা না হলে সরকারী কর্মচারী কর্তৃক আসন্ন সংসদ নির্বাচনের দায়িত্ব পালনসহ সকল সরকারি কাজ বাঁধাগ্রস্ত হওয়ার আশংকার কথা জানান বক্তারা।
এসময় রেলশ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান, লালমনিরহাট বিভাগের সভাপতি আব্দুল মতিন, জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের কেন্দীয় কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমান, বিআরইএল সভাপতি রেনায়েল আলম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
