মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃরংপুরের পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ব্যতিক্রম আয়োজন দিনব্যাপী দদচাকুরী মেলা” অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র আয়োজনে প্রশিক্ষন কেন্দ্র চত্বরে এ চাকুরী মেলা অনুষ্ঠিত হয়।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে ও প্রাণ-আরএফএল গ্রুপের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ মেলায় স্থানীয় শতাধিক বেকার যুবক-যুবতী অংশগ্রহণ করেন। মেলায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিনিধি উপস্থিত থেকে সরাসরি সাক্ষাৎকার গ্রহণ করেন। চাকুরী মেলায় অংশগ্রহণকারীরা তাদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেওয়ার পাশাপাশি তাৎক্ষণিক সাক্ষাৎকার দিয়ে ক্যারিয়ার গঠনের পরামর্শের সুযোগ পান। আয়োজকরা জানান, মেলার মাধ্যমে অনেক প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। পরবর্তী সময়ে চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ পপি খাতুন। তিনি বলেন, “চাকুরী মেলার মাধ্যমে স্থানীয় বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে ও তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারবে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।” টিটিসি’র অধ্যক্ষ মোহাম্মদ জিয়া উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানভীর আহম্মেদ, পীরগঞ্জ থানার ওসি সোহেল রানা, প্রাণ-আরএফএল গ্রুপের ডেপুটি ম্যানেজার প্রমূখ।
চাকুরী মেলায় অংশ নেওয়া একাধিক বেকার যুবক জানান, এ ধরনের আয়োজন তাদের জন্য অত্যন্ত উপকারী। স্থানীয় পর্যায়ে চাকুরির সুযোগ পাওয়ায় তারা আশাবাদী। চাকুরি মেলাটি ঘিরে পীরগঞ্জের বেকারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে।
