ঠাকুরগাঁও প্রতিনিধি:- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা৷ ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীর কর্মী-সমর্থকেরা৷ মন জয় করার উদ্দেশ্যে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
ঠাকুরগাঁওয়ে দেখা মিলেছে বিদেশি নাগরিকেরা প্রচারণায়৷ শাশুড়ীর নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ইতালিয়ান বংশোদ্ভূত ইংল্যান্ডের নাগরিক ফ্লাভিয়া৷ তিনি ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলা,রাণীশংকৈল উপজেলার একাংশ) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী নুরুন নাহার বেগমের পুত্রবধূ৷ ফ্লাভিয়ার প্রচারণায় ভোটারদের মাঝে কৌতূহল সৃষ্টি হয়েছে।
বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামের বাসিন্দা রইসুল ইসলাম বলেন, আগ্রহ নিয়েই দেখার জন্য এসেছি৷ উনি লাঙল প্রতীকে ভোট চাচ্ছেন, স্লোগান দিচ্ছেন। এটা দেখার জন্যই আসা৷
ফ্লাভিয়া বলেন, শাশুড়ীর নির্বাচনের জন্য এসেছি৷ আমার শাশুড়ী অনেক আন্তরিক। তিনি সবার সাথে সহজে মিশতে পারেন। আপনারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ভোটের মাঠে এমন প্রচারণায় অংশ নিতে পেরে ভালো লাগছে৷
জাপা মনোনীত প্রার্থী নুরুন নাহার বেগম বলেন, আমার ছেলে ব্যরিস্টার আরিফুলের সহধর্মিণী ফ্লাভিয়া৷ নির্বাচনে প্রচারণার জন্য এসেছে৷ এর আগেও আমি নির্বাচন করেছি এবারে ছেলে বউমা যুক্ত হয়েছে। আশা করছি জয় আমাদের হবে৷ জয় হবে লাঙল প্রতীকের।
