রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীর-৫ আসনের কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেছে সেনাবাহিনী নেতৃত্বে গঠিত যৌথ বাহিনী। অভিযানে অংশ নিয়েছেন সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা।
নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করার লক্ষ্যে বৃহস্পতিবার কোম্পানীগঞ্জ ও কবিরহাট এলাকায় এই অভিযান পরিচালিত হয়। যৌথ বাহিনীর সদস্যরা উপজেলার গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো সরেজমিনে ঘুরে দেখেন।
পরিদর্শনকালে দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তারা ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, প্রবেশ ও বহির্গমন পথ, আশপাশের পরিবেশ এবং সম্ভাব্য ঝুঁকির বিষয়গুলো মনিটরি করেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটের দিন সাধারণ ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। যেকোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা নাশকতা রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচন পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যৌথ বাহিনীর টহল ও পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে।
