মিজানুর রহমান মিজান লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামানকে তার চলতি দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পের মূলধন অংশের ‘অনাবাসিক ভবন’ খাতে কাজ (W-1) প্যাকেজে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। প্রকল্পের DPP, RDPP কিংবা HOPE-এর অনুমোদন ছাড়াই বিধি-বহির্ভূতভাবে ক্ষমতার অপব্যবহার করে একটি প্যাকেজকে ৮টি প্যাকেজে বিভাজন করে ইজিপির মাধ্যমে টেন্ডার আহ্বান করা হয়। এর মাধ্যমে ২০২৩-২০২৪ অর্থবছরে মোট ৬ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা ব্যয় দেখানো হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, উক্ত ৮টি প্যাকেজের বিপরীতে প্রদত্ত বিলের ক্ষেত্রে বাস্তবে কোনো কাজের অস্তিত্ব পাওয়া যায়নি। বর্ণিত কাজ বাস্তবায়নের জন্য নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড ছাড়াও অন্যান্য ৮টি ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে কাজ না করেই বিল উত্তোলন করা হয়েছে। এর ফলে সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়।
এসব অভিযোগের প্রেক্ষিতে সরকারি চাকরি আইন অনুযায়ী মো. সাইফুজ্জামানকে গত ৩ ফেব্রুয়ারি সাময়িক বরখাস্ত করা হয়।
