মোঃ তানজির হোসেন নড়াইল প্রতিনিধি: নড়াইল-০২ আসনে ১১ দলীয় নির্বাচনী জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আতাউর রহমান বাচ্চুর সমর্থনে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৯ ফেব্রুয়ারি রোজ সোমবার নড়াইল সরকারি বয়েজ স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নড়াইল জেলা ও পৌর শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সৎ ও যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই। নড়াইল-০২ আসনের উন্নয়নে এবং জনগণের অধিকার পুনরুদ্ধারে আতাউর রহমান বাচ্চুকে বিজয়ী করার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, জামায়াতে ইসলামী সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছে এবং আগামীতেও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে তাদের সংগ্রাম অব্যাহত থাকবে।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য গণমিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে রুপগঞ্জ মুচিরপোল এলাকায় এসে শেষ হয়। মিছিলে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। অংশগ্রহণকারীরা জোট মনোনীত প্রার্থীর সমর্থনে এবং নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লায়’ ভোট চেয়ে নানা স্লোগান দেন।
অনুষ্ঠানে নড়াইল জেলা জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং জোটের শরিক দলগুলোর স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।।।
