ঢাকাMonday , 16 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ২ লাখ টাকা জরিমানা : কার্যক্রম বন্ধ

Mahamudul Hasan Babu
February 16, 2026 1:43 pm
Link Copied!

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা (যশোর) : যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া বাজারের পাঁচরাস্তার মোড়ে অবস্থিত ‘বাঁকড়া মেডিকেল সার্ভিসেস’-এ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অপারেশন থিয়েটার (ওটি) থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না করা পর্যন্ত ক্লিনিকটির সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাংশু বিশ্বাস। অভিযানের সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুর রশিদ বলেন, “পরিদর্শনকালে অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে এবং কিছু ক্ষেত্রে সংরক্ষণবিধি যথাযথভাবে মানা হয়নি। বিষয়টি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। আমরা চাই বেসরকারি ক্লিনিকগুলো সরকারি নীতিমালা মেনে সেবা প্রদান করুক। রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।”
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওটির ভেতরে সংরক্ষিত একাধিক ওষুধের মেয়াদ উত্তীর্ণ ছিল। এছাড়া প্রয়োজনীয় লাইসেন্স ও অন্যান্য দাপ্তরিক কাগজপত্রে অসংগতি এবং বিধিবহির্ভূত ব্যবস্থাপনার বিষয় ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। একই সঙ্গে কাগজপত্র সঠিকভাবে হালনাগাদ না করা পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয় এবং এ মর্মে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাংশু বিশ্বাস বলেন, “আজকের ভ্রাম্যমাণ আদালতে অপারেশন থিয়েটারের ভেতরে মেয়াদোত্তীর্ণ ওষুধসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। স্বাস্থ্যসেবা একটি স্পর্শকাতর খাত—এখানে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না। এ কারণে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না করা পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতেও যেখানে অনিয়ম পাওয়া যাবে, সেখানে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযানকালে উপস্থিত ছিলেন বাঁকড়া পুলিশ তদন্ত ক্যাম্পের প্রতিনিধি, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, সেলিম হুসাইন রনি, মিঠুন সরকার ও জাহাঙ্গীর আলমসহ স্থানীয় সংবাদকর্মীরা। উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গণমাধ্যমে প্রকাশিত গুরুতর অভিযোগ আমলে নিয়ে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।