ঢাকাFriday , 20 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের অভিযানে উদ্ধার চুরি হওয়া অটোরিকশা মান্দায় ‘স্পিড খাইয়ে’ ছিনতাই, দুই কুখ্যাত চোর গ্রেফতার

Mahamudul Hasan Babu
February 20, 2026 8:12 am
Link Copied!

সবুজ হোসেন, নওগাঁ:নওগাঁর মান্দায় অটোরিকশা চালককে কৌশলে অচেতন করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দুই কুখ্যাত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া চার্জারচালিত অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারি ২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক ১১টার দিকে অটোরিকশা চালক রায়হান কবির নিয়ামতপুর বাসস্ট্যান্ডে অবস্থান করছিলেন। এ সময় চারজন অজ্ঞাতনামা ব্যক্তি সতীহাট যাওয়ার কথা বলে তাকে ৫০০ টাকা ভাড়ার প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি হয়ে রায়হান দুপুর দেড়টার দিকে সতীহাট বাজারে পৌঁছান। সেখানে অভিযুক্তরা তাকে একটি দোকানে খাওয়াদাওয়া করায় এবং পরে জানায় যে তারা সেদিন আর নিয়ামতপুর ফিরবে না। তবে তার মোবাইল নম্বর নিয়ে পরে যোগাযোগ করার কথা বলে চলে যায়।

এরপর ৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে একই ব্যক্তিরা রায়হানের মোবাইলে কল দিয়ে তাকে সতীহাট বাজারে আসতে বলে। তিনি সেখানে পৌঁছালে চারজন যাত্রী তার অটোরিকশায় ওঠে এবং জানায় তাদের একজন মৈনম বাজারে আছে, তাকে নিয়ে নিয়ামতপুরে ফিরবে। মৈনম বাজারে গিয়ে তারা জানায় ওই ব্যক্তি সিংগী বাজারে অবস্থান করছে। সিংগী বাজারে যাওয়ার পথে মান্দা থানার ৬ নম্বর মৈনম ইউনিয়নের নওগাঁ-রাজশাহীগামী আঞ্চলিক মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা কৌশলে রায়হানকে ‘স্পিড’ জাতীয় কিছু খাইয়ে অচেতন করে ফেলে। পরে তিনি জ্ঞান ফিরলে নিজেকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি অবস্থায় দেখতে পান। এ ঘটনায় মান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়।

পুলিশ সুপারের নির্দেশে বাংলাদেশ পুলিশ-এর অধীনে মান্দা থানা পুলিশ একটি বিশেষ টিম গঠন করে। আধুনিক তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ, বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং গোপন তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করা হয়।

অভিযানে গতকাল রাতে নওগাঁ সদর থানার হাঁপানিয়া বাজার এলাকা থেকে জুয়েল হোসেন (৪৪) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে নাটোর জেলার সিংড়া এলাকা থেকে কাবিল উদ্দিন (৩৩) কে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া চার্জারচালিত অটোরিকশাটি নাটোর জেলার সিংড়া থানা এলাকা থেকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “সড়কে ছিনতাইকারীদের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থান গ্রহণ করেছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।