সবুজ হোসেন, নওগাঁ:নওগাঁ জেলা পুলিশের বিশেষ অভিযানে গত দেড় মাসে উদ্ধার করা হয়েছে ১২৬টি হারানো মোবাইল ফোন। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা পুলিশের আইসিটি শাখা ও জেলা গোয়েন্দা (ডিবি) শাখা যৌথভাবে এ উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
এ উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে পুলিশ সুপার কার্যালয়, নওগাঁয় এক সংক্ষিপ্ত কিন্তু আবেগঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উদ্ধারকৃত মোবাইল ফোনসমূহ যথাযথ যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর প্রিয় মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত মোবাইল মালিকরা বলেন, হারানো ফোন ফিরে পাওয়ার আশা অনেকটাই ছেড়ে দিয়েছিলেন তারা। জেলা পুলিশের এমন জনহিতকর উদ্যোগ তাদের মাঝে স্বস্তি ও আস্থার সঞ্চার করেছে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও আইনশৃঙ্খলা রক্ষায় নানা ব্যস্ততার কারণে হারানো সব মোবাইল উদ্ধার করা সম্ভব হয় না। তবে নওগাঁ জেলা পুলিশ হারানো মোবাইল উদ্ধারে তৎপরতা আরও বৃদ্ধি করবে এবং জনসেবামূলক এ কার্যক্রম অব্যাহত রাখবে।
জেলা পুলিশের এ উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানা গেছে।
