মোঃ ইসমাইল হক চাঁপাইনবাবগঞ্জ (ভোলাহাট)প্রতিনিধিঃ মহান শহীদ দিবস উপলক্ষে ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রামেশ্বর পাইলট ইনস্টিটিউট মাঠে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন।
ঘড়ির কাঁটা যখন রাত ১২টা ১ মিনিট ঠিক তখনই শহীদ মিনার প্রাঙ্গণে নেমে আসে এক আবেগঘন পরিবেশ। “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,আমি কি ভুলিতি পারি ” গানের সুরে সুরে শুরু হয় পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি। প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর পর্যায়ক্রমে পুলিশ প্রশাসন, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর, ভোলাহাট আম ফাউন্ডেশন, সরকারি মহিলা কলেজ, সাব-রেজিস্ট্রার অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন, ক্লাব প্রতিনিধিবৃন্দ এবং ভোলাহাট প্রেস ক্লাব শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা অর্পণ করেন।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক ব্যানার ও মিছিল নিয়ে উপস্থিত হয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। তাঁদের অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ দলীয় ও সামাজিক ঐক্যের এক মিলনমেলায় পরিণত হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সকলের অংশগ্রহণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন। রাতভর শহীদ মিনারে মানুষের ঢল নামে।
সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোলাহাটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়
