আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: রাতের আধারে বামন্দী বাজারের ব্যাংক এলাকা হিসেবে পরিচিত বিশ্বাস টাওয়ারে অবস্থিত আর এস টেলিকম নামের একটি মোবাইল দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
এ সময় চোরের দল দোকান থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, মূল্যবান মালামাল, বিকাশের এজেন্ট মোবাইল ও নগদ আড়াই লক্ষ টাকাসহ প্রায় ১৫ লক্ষ টাকার মোবাইল নিয়ে গেছে।
গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় জেলার গাংনী উপজেলার বামন্দী বাজার এলাকার জনতা ব্যাংকের সামনে অবস্থিত আর এস টেলিকমে ঘটনাটি ঘটে। আজ রবিবার সকালে দোকান মালিক বিদ্যুৎ হোসেন দোকান খুলতে এসে চুরির বিষয়টি জানতে পারেন।
দোকান মালিক বিদ্যুৎ হোসেন বলেন, “আমি গতকাল রাত আটটার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। সকাল নয়টার সময় দোকান খুলতে এসে দেখি দোকানের তালা খোলা। ভেতরে গিয়ে দেখি র্যাকে থাকা প্রায় ১৫ লক্ষ টাকার মোবাইল ফোন, ক্যাশে থাকা নগদ আড়াই লক্ষ টাকা, বিকাশের এজেন্ট মোবাইলসহ অন্যান্য মালামাল চুরি হয়ে গেছে।”
তিনি আরও জানান, পরে তিনি বাজার কমিটির সভাপতি ও পুলিশকে বিষয়টি অবগত করেন।
বামন্দী বাজার কমিটির সভাপতি আব্দুল আওয়াল বিশ্বাস বলেন, “মেহেরপুর জেলার বাণিজ্যিক শহর হিসেবে পরিচিত বামন্দী বাজার। এই মোবাইল দোকানটির চারপাশে সরকারি-বেসরকারি মিলিয়ে নয়টি ব্যাংক রয়েছে। তাদের সকলের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা আছে। এমন একটি নিরাপত্তা বলয়ের মধ্যে দোকানে চুরি হওয়া খুবই হতাশা ও আতঙ্কের বিষয়। চোরচক্র ধরা না পড়লে ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে থাকবে।”
গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বলেন, “পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে সকাল থেকেই তদন্ত শুরু করেছে। অপরাধীদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে।”
