ঢাকাWednesday , 25 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের সন্তান নবনিযুক্ত আইজিপি দায়িত্ব গ্রহণ করলেন

Mahamudul Hasan Babu
February 25, 2026 11:52 am
Link Copied!

মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি: নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো.আলী হোসেন ফকির দায়িত্ব গ্রহণ করেছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে তিনি পুলিশ সদর দপ্তরে দায়িত্ব গ্রহণ করেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান আলী হোসেন ফকিরকে আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।
আইজিপি পদে নিয়োগের পূর্বে তিনি এপিবিএন’র অতিরিক্ত আইজি ছিলেন। তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলম বিপিএম এর স্থলাভিষিক্ত হলেন।
মো.আলী হোসেন ফকির ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
তিনি অত্যন্ত সততা, দক্ষতা ও পেশাদারত্বের সাথে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন।তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার ছিলেন। তিনি আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট এবং ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা, ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক ছিলেন। ডিআইজি হিসেবে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌ এবং এসপিবিএন-এ কর্মরত ছিলেন।
মো.আলী হোসেন ফকির কসোভো ও আইভরি কোস্ট জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে বাংলাদেশ পুলিশের প্রতিনিধিত্ব করেছেন।
তিনি সরকারি দায়িত্ব পালন এবং প্রশিক্ষণে যুক্তরাষ্ট্র ও চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন।
বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি। এছাড়া, তিনি ১৫ তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক, ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের আহ্বায়ক এবং অফিসার্স ক্লাব ঢাকা ও খুলনা ক্লাবের সদস্যসহ বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে বিকম (অনার্স) ও এমকম এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন।
এর আগে নবনিযুক্ত আইজিপি আজ বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এসে পৌঁছালে একটি সুসজ্জিত পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে। উল্লেখ্য তিনি বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের সন্তান।