আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর বাউফল উপজেলার রাজনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আকন পাড়ায় ঝুঁকিপূর্ণ পুরাতন আয়রন ব্রিজের পরিবর্তে নতুন ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় জনগণ।
মঙ্গলবার সকাল ১১টায় আকন পাড়ার শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন, বক্তারা জানান, দীর্ঘদিন ধরে মসজিদ খালের ওপর নির্মিত পুরাতন আয়রন ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রতিদিন প্রায় ২০০-২৫০ জন মানুষ এই ব্রিজ দিয়ে বগা বাজার ও স্থানীয় মসজিদে যাতায়াত করেন। বিশেষ করে শিক্ষার্থী ও মুসল্লিদের জন্য এটি একমাত্র চলাচলের পথ।
স্থানীয়দের দাবি, বহুদিন ধরে ব্রিজটি সংস্কার বা নতুন ব্রিজ নির্মাণের জন্য আবেদন জানানো হচ্ছিল। পরে ত্রাণের ব্রিজ নির্মাণের জন্য বরাদ্দও দেওয়া হয়। কিন্তু সম্প্রতি ‘সাইড সিলেকশন জটিলতা’র কথা উল্লেখ করে ব্রিজটি কৌখালী এলাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা জানতে পারেন। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম বলেন, “আমাদের এলাকায় চারটি বাড়ির প্রায় ২০০-২৫০ জন মানুষ এই ব্রিজের ওপর নির্ভরশীল। বরাদ্দ পাওয়া ব্রিজ অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত আমরা মেনে নিতে পারছি না। প্রশাসন ও এমপি মহোদয়ের কাছে আমাদের আবেদন—এই স্থানেই ব্রিজ নির্মাণ করা হোক।”
আরেক বাসিন্দা রবিউল আকন বলেন, “মসজিদ খালের কারণে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য আমাদের এই ব্রিজ দিয়েই যেতে হয়। ভাঙা ও ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল অত্যন্ত কষ্টকর ও বিপজ্জনক।”
এলাকার বাসিন্দা সোহেল আকন জানান, বগা কেন্দ্রিক স্কুল ও মাদরাসায় পড়ুয়া শিক্ষার্থীদের প্রতিদিন এই ব্রিজ পার হয়ে যেতে হয়। ভাঙা ব্রিজের কারণে তাদের চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে।
মানববন্ধনে বক্তারা দ্রুত প্রশাসনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে আকন পাড়ায় ব্রিজ নির্মাণের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। অন্যথায় আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন এলাকাবাসী।
